হামলার পর গোলাপগঞ্জ ছাড়ল সারজিসদের গাড়িবহর
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনার পর পুলিশি নিরাপত্তায় এলাকা ছেড়েছেন সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। হামলায় কেউ হতাহত না হলেও সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এনসিপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা বিএনপির সন্ত্রাসী বলে অভিযোগ করে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’
জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠান শেষ করে কানাইঘাট যাওয়ার উদ্দেশে রওনা দেন। এ সময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া এনসিপির গাড়িবহর ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়েছেন একদল যুবক। তারা ছাত্রদলের নেতাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে মতনিবিনিময় করতে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এর আগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।
সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন।
এর আগে এনসিপি নেতারা গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে বেলা আড়াইটার দিকে পৌরসভা থেকে বেরিয়ে যাওয়ার সময়ও সারজিস আলমদের গাড়ি ঘিরে ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ স্লোগান দেন।
এ সময় গাড়ির দেকে তেড়ে যারও কয়েকজন। এ সময় একটি গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে এনসিপির গাড়িবহর নিরাপদে চলে যেতে সহযোগিতা করে।
তবে এতে কেউ হতাহত হননি জানিয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, এনসিপি নেতারা নিরাপদে গোলাপগঞ্জ ছেড়েছেন।