ঝিনাইদহে বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিজ বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে তানহা (১৭ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিতানন্দপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা ওই গ্রামের মিরাজের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে মিরাজ বাড়ির পাশে তার ইজিবাইক রেখে খাবার খেতে ঘরে যান। এ সময় অসাবধানতাবশত ইজিবাইকের চাবি গাড়িতেই লাগানো ছিল। খেলার ছলে শিশু তানহা চালকের আসনে উঠে বসে এবং অসাবধানতাবশত গাড়ির এক্সিলারেটর (পিকআপ) ঘুরিয়ে দেয়।
এর ফলে ইজিবাইকটি হঠাৎ চলতে শুরু করে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তানহা গাড়ি থেকে নিচে পড়ে যায় এবং ইজিবাইকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর শুনেছি। নিজের বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।’