২৭ জুলাই ২০২৬, ১৯:৩৯

সম্পত্তির জন্য ছেলের মারধরে হাসপাতালে মা

লক্ষ্মীপুর সদর হাসপাতাল  © সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আকলিমা আক্তার রোজি নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে। সোমবার (২৭ জুলাই) বিকেলে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী।

এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আকলিমা আক্তার রোজি দেওপাড়া এলাকার কলার আড়তের ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন তার প্রথম সংসারের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজু তার কাছে জায়গা-জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এ নিয়ে একাধিকবার বিরোধেরও সৃষ্টি হয়। ঘটনার দিন রাজু তার স্ত্রী তাসলিমাকে নিয়ে বাড়িতে এসে আবারও সম্পত্তি লিখে দেওয়ার দাবি করেন। এতে রাজি না হলে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

আকলিমা আক্তার রোজি বলেন, ‘সম্পত্তির জন্য রাজু আমাকে মারধর করে আহত করেছে। পরে ঘরে থাকা নগদ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রীর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি তার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।