২৭ জুলাই ২০২৬, ১৯:২২

ডিএনসির তল্লাশিতে মেলেনি, র‍্যাবের অভিযানে চালবোঝাই ট্রাক থেকে ইয়াবা উদ্ধার

ট্রাক থেকে জব্দ করা চাল নামানো হয়েছে।  © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চালবোঝাই একটি ট্রাককে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-৭-এর পৃথক অভিযানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডিএনসির তল্লাশিতে কোনো মাদক উদ্ধার না হলেও পরে র‍্যাবের অভিযানে ট্রাক থেকে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার এবং চালককে আটক করা হয়েছে। একই ঘটনায় একদল লোক ২৫৪ বস্তা চাল লুট করলেও পরে র‍্যাব ও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় তা উদ্ধার করা হয়।

সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টার মধ্যে উপজেলার কেরানীহাট স্টেশনের মেহফিল রেস্টুরেন্ট ও সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট স্টেশনে মাদক উদ্ধারের লক্ষ্যে তল্লাশি চালায় ডিএনসি। এ সময় একটি চালবোঝাই ট্রাক থামিয়ে চালককে হাতকড়া পরিয়ে নিজেদের গাড়িতে তোলা হয়। ট্রাকে থাকা একটি শিশুকেও ডিএনসির গাড়িতে নেওয়া হয়। পরে ট্রাকটি চট্টগ্রাম নগরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন এবং ঘটনাস্থলেই তল্লাশির দাবি জানান।

একপর্যায়ে সাতকানিয়া থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডিএনসি ট্রাকটি সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের মাঠে নিয়ে যায়। সেখানে প্রায় ৪০০ বস্তা চাল নামিয়ে ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরের উপস্থিতিতে তল্লাশি চালিয়েও কোনো মাদক উদ্ধার করতে পারেনি। এরপর ডিএনসির সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে র‍্যাব-৭, সিপিসি-৩-এর একটি দল ঘটনাস্থলে এসে ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খালি ট্রাকটি প্রায় সাত কিলোমিটার দূরের মৌলভীর দোকান এলাকার একটি গ্যারেজে নিয়ে পুনরায় তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের দরজার পাশ থেকে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে আটক করা হয়।

এদিকে, চালের মালিকের ভাগিনা রাকিবুল হাসান চাল অন্য একটি ট্রাকে তুলতে গেলে একদল ব্যক্তি তাকে মারধর করে, মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ২৫৪ বস্তা চালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্য ও ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় কেঁওচিয়া ইউনিয়নের একটি এলাকা থেকে চালবোঝাই ট্রাকটি উদ্ধার করে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, স্থানীয়দের দাবির মুখে ডিএনসি জনসম্মুখে চাল নামিয়ে তল্লাশি চালালেও কোনো মাদক পায়নি। পরে র‍্যাব একই ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করে। পাশাপাশি লুট হওয়া চালও উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় চট্টগ্রাম মেট্রো (উত্তর)-এর পরিদর্শক এস এম আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকটি আটক করা হয়েছিল। সঠিকভাবে তল্লাশির জন্য সেটি কার্যালয়ে নিতে চাইলেও স্থানীয়দের দাবির মুখে ঘটনাস্থলেই চাল নামিয়ে তল্লাশি করা হয়। সেখানে কোনো মাদক পাওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় চট্টগ্রাম মেট্রো (উত্তর)-এর উপপরিচালক মো. সিরাজুল মোস্তফা বলেন, চালের বস্তা নামিয়ে তল্লাশি শেষে কোনো মাদক না পাওয়ায় মালিকপক্ষের কাছে চাল বুঝিয়ে দিয়ে তাদের দল ফিরে আসে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, র‍্যাব ইয়াবা উদ্ধারের একটি অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে থানাকে জানানো হয়নি।

র‍্যাব-৭, সিপিসি-৩ (চান্দগাঁও)-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, ট্রাকে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার এবং চালককে আটক করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া চাল উদ্ধার করে মালিকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। আটক চালককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হবে।