খাগড়াছড়িতে কৃষকের মধ্যে বীজ-কৃষি উপকরণ বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করতে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩০০ জন প্রান্তিক কৃষকের মধ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফশী ও হাইব্রিড) জাতের শাকসবজির বীজ, লেবুর চারা, সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে কৃষি বিভাগের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সরকার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে পুনর্বাসনে কাজ করছে এবং পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত আউশ ও আমনের বীজতলার কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতের ত্রাণ ও কৃষি প্রণোদনা কর্মসূচিতে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমান বিতরণ কার্যক্রম নিয়মিত কৃষি প্রণোদনার পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনেরও অংশ।
কৃষি বিভাগ জানায়, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, উন্নত জাতের ফসল চাষে উৎসাহ দেওয়া এবং গ্রীষ্মকালীন সবজি ও লেবুর আবাদ সম্প্রসারণের লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে।