২৭ জুলাই ২০২৬, ১৫:৫৮

গোপালগঞ্জে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা

জব্দ করা পিরানহা মাছ  © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। অপর দিকে এ নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে আড়দারকে ৬ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার সন্ধ্যায় উপজেলার পৌর মাছ মার্কেটের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেন।

এই নিষিদ্ধ মাছ রাখার অপরাধে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ মাসুম বিল্লাহ।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ অপু উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কোটালীপাড়া পৌর মাছ বাজারের কয়েকটি আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে বলে আমরা খবর পাই। তাই আজ গোপন সংবাদের ভিত্তিতে পৌর মাছ বাজারের মেসার্স মোল্লা মৎস্য আড়তে অভিযান চালিয়ে ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা  মাছ জব্দ করি। জব্দ এ মাস পরবর্তী সময়ে আমরা মার্কেটের পাশে মাটিতে পুঁতে রাখি।’

তিনি আরও বলেন, ‘এই এই নিষিদ্ধ পিরানহা মাছ রাখার অপরাধে আড়তদারের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা শিগগিরিই এই মাছ চাষের ঘেরগুলো শনাক্ত করে অভিযান পরিচালনা করব।’