রোগী বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় রোগী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থেকে একজন রোগীকে নিয়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। রায়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তার স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।
আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক ঝালকাঠি সদর উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা। তিনি নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য প্রতি মাসে ঢাকায় একটি হাসপাতালে যান। সোমবারও একই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।