২৬ জুলাই ২০২৬, ২০:৪৯

একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা  © টিডিসি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশপ্রেমিক মানুষের মূল লক্ষ্য থাকে দেশকে এগিয়ে নেওয়া। দেশপ্রেম ছাড়া কোনো জাতি বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না।

রবিবার (২৬ জুলাই) মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকতে। অন্যায়ের সঙ্গে কখনো আপস করা যাবে না; সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়েছেন।’

তিনি বলেন, ‘বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছে। দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এই তিনটি আদর্শ ধারণ করতে পারলে আমরা কখনো পথভ্রষ্ট হব না এবং দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব।’

সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

এ ছাড়া বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী কলেজ ভবনে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নার ফিতা কেটে উদ্বোধন করেন।