২৬ জুলাই ২০২৬, ১৯:৪০

পাবনায় বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধারের পর অবমুক্ত

বন বিভাগের সহায়তায় গন্ধগোকুল অবমুক্ত করেন চাটমোহরের ইউএনও মুসা নাসের চৌধুরী  © টিডিসি

পাবনার চাটমোহরে মাছ ধরার ফাঁদে আটকে পড়া একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়েছে। প্রাণীটি উদ্ধার হওয়ার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামে আটক হয় বিরল প্রজাতির এই প্রাণী।

স্থানীয়রা জানান, রবিবার সকালে কুমারগাড়া গ্রামের মিলন হোসেন নামের এক যুবক ওই এলাকায় মাছ ধরার ফাঁদ ধুদির মধ্যে (স্থানীয় ভাষা) বিরল প্রজাতির বন্য প্রাণীকে দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে ওই যুবক ইউটিউবে সার্চ দিয়ে  প্রাণীটি গন্ধগোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীকে জানান। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধারের পর বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে অবমুক্ত করেন। এ সময় উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বান উপস্থিত ছিলেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি। মূলত, এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে।