হারানো ৬০টি স্মার্টফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল জেলা পুলিশ
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধান করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা দীর্ঘদিনের প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে আইফোন ছাড়াও ভিভো, অপো, স্যামসাং, টেকনো, রেডমি, রিয়েলমি, অনার, ইনফিনিক্স ও আইটেলসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন রয়েছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
এদিকে, উদ্ধার হওয়া কয়েকটি মোবাইল ফোনের জিডিতে দেওয়া নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ কারণে প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর যাচাই, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ফোন কেনার রসিদ (ক্যাশ মেমো) সঙ্গে নিয়ে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় যোগাযোগ করে ফোন গ্রহণের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের প্রকাশিত তালিকায় আইফোন ১১ প্রো ম্যাক্সসহ বিভিন্ন মডেলের ২৭টি মোবাইল ফোনের আইএমইআই নম্বর প্রকাশ করা হয়েছে, যাতে প্রকৃত মালিকরা সহজেই নিজেদের ফোন শনাক্ত করতে পারেন।