২৫ জুলাই ২০২৬, ১৪:২৪

সীমান্তে শিশুসহ ৭ জনকে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

অবৈধভাবে পুশইনের চেষ্টা  © সংগৃহীত

এবার ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে সীমান্তে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের বিএসএফ ফিরিয়ে নেয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর গ্রামের সীমান্ত এলাকায় সাতজন ভারতীয় নাগরিককে জড়ো করে বিএসএফ। তারা ভারতের রাজনগর সংলগ্ন এমএলর বাগান এলাকায় এবং বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছাকাছি অবস্থান করছিলেন।

খবর পেয়ে বিজিবির শ্রীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তরেখা অতিক্রম করে ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা চালান। বিজিবি সদস্যরা এতে তীব্র প্রতিবাদ জানান এবং পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নেন।

পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থান ও বাধার মুখে বিএসএফ পুশইনের চেষ্টা স্থগিত করতে বাধ্য হয়। পরে ভারতীয় নাগরিকদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

‎‎বিজিবি জানায়, প্রাথমিকভাবে ওই ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলে শিশু রয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া, ঘটনার পর সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।