২৫ জুলাই ২০২৬, ০৭:৫৬

ধাওয়ার মুখে মহাসড়কে ইয়াবা ফেলে পালালেন ২ মাদককারবারি, কুড়িয়ে নিলেন পথচারীরা

স্থানীয় ও পথচারীদের ইয়াবা কুড়িয়ে নিতে দেখা যাচ্ছে।  © সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে ইয়াবা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে মোটরসাইকেল থেকে পড়ে যায় হাজার হাজার পিস ইয়াবা। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ইয়াবা সড়কে রেখেই পালিয়ে যান দুই মাদককারবারি। স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের এসব ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিতে দেখা গেছে। 

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ‌‘হাজার হাজার পিস ইয়াবা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আমরা কয়েকজন মিলে হাজারের বেশি ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

‎মোহাম্মদ জনি নামের স্থানীয় যুবক জানান, ‘দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। তার পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে দুজন আরোহী ঝগড়া করছিলেন। এ সময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে আমরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, ‘আমি নিজেই কুড়িয়ে দিয়েছি ২০০-৩০০ পিস ইয়াবা।’ তবে ঘটনাস্থলে আসা পুলিশের উপপরিদর্শক (এসএই) অনিক বলেন, ১০০-১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।

‎এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোন মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিয়ে যান। থানায় গেলে বিস্তারিত জানতে পারবো।’