অটোরিকশা-পিকআপ সংঘর্ষে চালক নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিয়াস মিয়া (২৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে এক যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার কেন্দুয়া-পুরুড়া সড়কের সোহাগপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়াস মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আহত বিল্লাল হোসেন একই গ্রামের পাকিস্তানি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পিয়াস মিয়া অটোরিকশা নিয়ে কেন্দুয়া থেকে পুরুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পুলিশ অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করে। এ সময় স্থানীয়রা পিকআপচালক চঞ্চল রবিদাসকে (২৮) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তিনি করিমগঞ্জ উপজেলার নিত্য রবিদাসের ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আটক পিকআপচালককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।