প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ, বাড়ির পেছনেই মিলল চার বছরের শিশুর মরদেহ
বরগুনার বামনা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া চার বছর বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পেছনের একটি লেবুগাছের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাকসুদা উপজেলার দক্ষিণ রামনা গ্রামের বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।
বুধবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পেছনের লেবুগাছের নিচে শিশুটির মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাকসুদা তার ছয় বছর বয়সী বড় ভাই রবিউলের সঙ্গে পাশের দাদার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। পড়াশোনা শেষে রবিউল একাই বাড়ি ফিরলেও মাকসুদা আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের লেবুবাগানে তার মরদেহ দেখতে পান।
ঘটনার খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।