বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
টানা বর্ষণ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে প্রায় তিন সপ্তাহ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ কমেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় এলাকায় সংস্কারকাজ শুরু হয়। স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক আলহাজ মো. শহিদুল আলমের ব্যক্তিগত অর্থায়নে দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুবকদের অংশগ্রহণে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়কটির একটি বড় অংশ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে গত প্রায় ২০ দিন ধরে ওই অঞ্চলের সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ ছিল।
বিশেষ করে মুমূর্ষু রোগী হাসপাতালে নেওয়া, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে আনা-নেওয়া এবং চাকরিজীবী ও শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত স্থবির হয়ে পড়েছিল। সড়কটি পুনরায় সচল হওয়ায় স্বস্তি ফিরেছে পুরো এলাকায়।
এ বিষয়ে মো. শহিদুল আলম বলেন, ‘দেশ ও জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বন্যায় বিচ্ছিন্ন এই সড়কটির কারণে হাজারো মানুষ কষ্ট পাচ্ছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি মেরামত করেছি। আগামীতেও যেকোনো দুর্যোগে আমরা আনোয়ারাবাসীর পাশে থাকব।’