২৩ জুলাই ২০২৬, ১৯:০৮

টেকনাফে নতুন ইউনিয়নের সীমানা নির্ধারণ সভায় হামলা-সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ১৫

নতুন ইউনিয়নের বিভক্তি না চেয়ে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে এলাকাবাসীর একাংশ  © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকরণ ও নতুন সীমানা নির্ধারণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল করে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হোয়াইক্যং ইউনিয়ন বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণের জন্য সভার আয়োজন করা হয়। সভা শুরুর আগে কিছু লোক ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে একদল লোক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পরিষদের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর হয় এবং সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সীমানা নির্ধারণ কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের বলেন, সভার প্রস্তুতির সময় কিছু লোক স্লোগান দিতে দিতে জড়ো হয়। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী বলেন, বৈঠক চলাকালে একদল লোক দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে হামলা চালিয়ে পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় তিনিও আহত হয়েছেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এ সভায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন না এবং খবর দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তিনি হামলার জন্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।