২২ জুলাই ২০২৬, ২২:৪৬

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের ‘জুলাই মিছিল’  © টিডিসি

জুলাই অভ্যুত্থান-২০২৪-এর গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ‘জুলাই মিছিল’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা।

বুধবার (২২ জুলাই) বিকেলে আসরের নামাজের পর টঙ্গীর গাজীপুরা এলাকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শাকিল পারভেজ, শহীদ নাসির ইসলামসহ তা’মীরুল মিল্লাতের পাঁচ শহীদ এবং সব শহীদের হত্যার বিচারের দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিলের পুরো রাজপথ।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। এ ছাড়া টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলাম, সেক্রেটারি মর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত ও সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে গণহত্যার বিচার এবং জনগণের রায়ের বাস্তবায়ন জরুরি।

মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল।