একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের তিনজনের
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজনকে বাঁচাতে গিয়ে একে একে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভিখুর স্ত্রী হাসিনা বেগম (৪৮), তার ভাতিজি আশা খাতুন (২৬) এবং নাতনি মিম আক্তার (১৪)। পারিবারিক সূত্রে জানা যায়, মিম নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহার একটি মই দিয়ে বাড়ির ছাদে উঠছিলেন আশা খাতুন। এ সময় মইটি পাশ দিয়ে যাওয়া খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে ছুটে যান তার ফুফু হাসিনা বেগম। এ সময় পাশে থাকা শিশু মিমও তাদের সংস্পর্শে চলে এলে সেও বিদ্যুতায়িত হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে তিনজনই ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশকে খবর দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বলেন, এ ধরনের মর্মান্তিক ঘটনা এলাকায় আগে ঘটেনি। দুর্ঘটনায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।