সীমান্তবর্তী ৭০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। একই সঙ্গে স্থানীয় গবাদিপশুরও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩ বিজিবির উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে প্রায় ৭০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে প্রায় ২০০টি গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসক দলের মধ্যে ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের দুইজন নারী ও শিশু বিশেষজ্ঞ, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ, ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবিতে নিয়োজিত দুইজন বেসামরিক চিকিৎসক এবং চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের একজন ভেটেরিনারি চিকিৎসকসহ মোট আটজন চিকিৎসক।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ৫৩ বিজিবির উপ-অধিনায়কসহ অন্যান্য বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এ ধরনের উদ্যোগ সীমান্তবাসীর মধ্যে বিজিবির প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।