৯৯৯ নম্বরে ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল।
সোমবার (২০ জুলাই) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। অভিযান শেষে বিকেল পৌনে ৫টার দিকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী হামহাম জলপ্রপাত ভ্রমণে যান। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকায় একজন শিক্ষার্থী পিছলে পড়ে হাতে আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।
এসপি মো. মনিরুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি নয়জন পর্যটক সুস্থ ও নিরাপদে রয়েছেন।
তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের প্রয়োজনীয় প্রস্তুতি ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।