২০ জুলাই ২০২৬, ১৭:০০

জেলের জালে ধরা পড়া ২০ কেজির ‘সামুদ্রিক শোল’ ১৪ হাজারে বিক্রি

জেলের জালে ধরা পড়া ২০ কেজি ওজনের এই সামুদ্রিক শোল  © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। পরে ৭০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 

সোমবার (২০ জুলাই) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিশ’ আড়তে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরে ৭০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় মাছটি যৌথভাবে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ।

ট্রলারের মাঝি রুহুল আমিন জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা প্রায় ৯ দিন গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। অন্যান্য সাধারণ মাছের সঙ্গে হঠাৎ তাদের জালে উঠে আসে এই বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছটি। সাগরে টিকে থাকার কষ্টের পর এমন একটি মাছ ভালো দামে বিক্রি করতে পেরে তিনি ও তার সহকর্মীরা খুব আনন্দিত।

ক্রেতা আব্দুর রহমান খান ও মো. সোহাগ আহমেদ জানান, সচরাচর বাজারে এত বড় আকৃতির সামুদ্রিক শোল মাছ পাওয়া যায় না। তাই তারা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, বরং নিজেরা খাওয়ার জন্যই মাছটি কিনে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সামুদ্রিক শোল মূলত গভীর সমুদ্রের একটি বিরল প্রজাতির মাছ। সাগরের পরিবেশ অনুকূলে থাকলে এবং এরা পর্যাপ্ত খাবার পেলে আকারে বেশ বড় হতে পারে। সাগরে নিয়মিত এমন বড় মাছ ধরা পড়লে উপকূলীয় জেলেরা আর্থিকভাবে লাভবান হবেন, যা সামগ্রিক মৎস্য অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।