১৮ জুলাই ২০২৬, ২১:১২

মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার  © টিডিসি ফটো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়। 

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়া উপজেলার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসার আবাসিক শাখার শিক্ষার্থী। গত ৩ জুলাই দুপুরে তারা নিজেদের পরিচয় গোপন করে সাময়িক সময়ের জন্য বাইরে যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসা কিংবা নিজ বাড়িতে ফিরে আসেনি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় তাদের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যায়।

এর আগে, নিখোঁজের ১৩ দিন অতিবাহিত হলেও তাদের উদ্ধার সম্ভব না হওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। সন্তানদের কোনো খোঁজ না পেয়ে দিন-রাত উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছিলেন অভিভাবকরা। দ্রুত তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বানও জানিয়েছিলেন তারা।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মর্তুজা জানিয়েছেন, ঘটনার পর থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের উপায়ে অনুসন্ধান চালায়। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত দুই সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।