১৮ জুলাই ২০২৬, ১৯:৫১

৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে প্রাণ গেল শোয়াইবের

দম ফুরিয়ে স্কুল ছাত্র শোয়াইব হোসাইনের মৃত্যু  © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটে আটকা পড়ে দম ফুরিয়ে শোয়াইব হোসাইন নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির ছেলে। সে মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

প্রতিবেশী মো. শেখ ফরিদ জানান, দুপুরে অন্য আরো দুই বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। খেলার চলে তারা পুকুর ঘাটের এক অংশে ঢুকে অন্য অংশ দিয়ে পার হচ্ছিলো। প্রথম দুইজন পার হলেও সে কোনো কারণে পুকুর ঘাটের নিচে আটকা পড়ে যায়। অন্যরা গোসল শেষে বাড়ি ফিরে গেলেও সে বাড়িতে না আসায় তারা আবার পুকুরে ফিরে যায়। তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে ঘাটের নিচে তাকে দেখতে পায়। কিন্তু ততক্ষণে সে মারা যায়। দুই ভাইয়ের মধ্যে সে বড় ছিল।

স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, দুপুরে গোসল করতে পুকুরে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করি।