১৮ জুলাই ২০২৬, ১৬:৪২

ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের চলাফেরায় কড়াকড়ি

জেলা প্রশাসকের কার্যালয়  © টিডিসি

ফেনীতে কিশোর অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কার্যক্রমে আরও বেশি নজরদারি রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে প্রশাসন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

জেলা প্রশাসন সূত্র জানা গেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে অবস্থান বা ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতাও চাওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বারবার কিশোর অপরাধের বিষয়টি উঠে এসেছে। দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী পড়াশোনার পরিবর্তে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এর একটি অংশ পরে মাদকের সংস্পর্শেও চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যাপারটি গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থী বাইরে বের হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে-বিষয়টি এমনও নয়। মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা। শুক্রবার (১৭ জুলাই) থেকে পরামর্শমূলক প্রচারণা হিসেবে মাইকিং শুরু হয়েছে। জেলা প্রশাসনের তদারকি দল মাঠে কাজ করবে। পাশাপাশি পুলিশও বিষয়টি নজরদারি করবে।