মেয়রের চেয়ার নিয়ে সমালোচনার জবাব দিলেন ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি কোনো জোর করে বা অবৈধভাবে মেয়রের চেয়ারে বসিনি, আদালতের আদেশের বৈধতা মেনেই দায়িত্ব গ্রহণ করেছি। তবে আমি দীর্ঘ মেয়াদে এই পদে থাকতে আগ্রহী নই। নির্বাচনের তফসিল ঘোষণা করা মাত্রই আমি পদত্যাগ করব।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দায়িত্ব গ্রহণ ও মেয়াদ নিয়ে কটাক্ষের জবাবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।
মেয়র বলেন, ‘আদালতের আদেশে ২০২৪ সালের নভেম্বরে আমি দায়িত্ব গ্রহণ করেছি। আইনত ২০২৯ সাল পর্যন্ত আমার মেয়াদ থাকলেও আমি গণতন্ত্রের ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা আমার মেয়রের চেয়ারে বসা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের বলতে চাই, আমি সাংবিধানিক ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এখানে এসেছি। যদি এই আদেশের বিরুদ্ধে কারও কোনো আপত্তি থাকে, তবে তারা আইন অনুযায়ী রিট করতে পারেন। আমি যদি আদালতের আদেশ না মানতাম, তবে আমি রাষ্ট্র, আইন ও সংবিধান লঙ্ঘন করতাম।’
ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার নির্বাচন চট্টগ্রাম থেকে শুরু করার জন্য প্রধানমন্ত্রী ও এলজিআরডিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি চাই চট্টগ্রাম থেকে নির্বাচন শুরু হোক। আমি এমন একটি গণতান্ত্রিক পরিবেশ চাই যেখানে সবার অংশগ্রহণের অধিকার নিশ্চিত থাকবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে যেমন গণতন্ত্রের ধারা ফিরে এসেছে, সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও আমি সেই ধারাবাহিকতা দেখতে চাই।’
মেয়র আরও বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে যে সেবা কার্যক্রম চলছে, নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তার চেয়েও উন্নত সেবা পাওয়ার পরিবেশ পায়, আমি সেটিই নিশ্চিত করতে চাই। আমি আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে সব সময় গণতন্ত্রের চর্চাকেই প্রাধান্য দিয়ে এসেছি। আমি আপনাদের সামনে দৃঢ়কণ্ঠে বলছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার সাথে সাথেই আমি পদত্যাগ করব। আমি জানি, আমি পদত্যাগ না করলে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়া কঠিন।’
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন এবং ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসটি উদ্বোধন করেন মেয়র, যা নাগরিকদের সেবাপ্রাপ্তিকে আরও সহজতর করবে বলে আশা করা হচ্ছে।