১৮ জুলাই ২০২৬, ১৫:০২

জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভ  © টিডিসি

জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) ভোররাতে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুর ১২টার দিকে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছে। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।

এ ঘটনায় আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন বলেন, ‘এর আগে ৯ জুন নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর আমরা কয়েক দিন পাহারা দিয়েছি। কিন্তু প্রতিদিন পাহারা দেওয়া সম্ভব নয়। এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।’

জামালপুর জেলা ছাত্রশক্তির নেতা আমিনুল ইহসান বলেন, ‘আজ তারা শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছোটখাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’