১৮ জুলাই ২০২৬, ১৩:১০

নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ব্যবসায়ী ইউসুফ ফকির  © সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর স্থানীয় ব্যবসায়ী ইউসুফ ফকিরের (৪৫) মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে মমিনখার হাটসংলগ্ন একটি পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ ফকির চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার বাসিন্দা ও সহির উদ্দিন ফকিরের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ইউসুফ ফকির অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন জানান, নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার তার মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কল করে ইউসুফকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগ, মুক্তিপণের টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

শনিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ ফকিরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।