সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার গ্রামের ৩৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা প্রধান সড়কটি কাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের এমন বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের অনিয়মের কারণেই নতুন সংস্কার করা সড়কটি এত দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, কাজ চলাকালে এলাকার এক ঠিকাদারকে রাস্তার পাশের পুকুরসংলগ্ন অংশটি আরও মজবুতভাবে নির্মাণের অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার সন্তোষজনক কোনো জবাব দেননি।
এলাকাবাসীর আরও অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে কয়েকজন—মেম্বার, চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা টেন্ডারের অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করেছেন। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, ‘কাজে যেখানে মাটি দেওয়ার কথা ছিল সেখানে কন্ট্রাক্টর বালু ব্যবহার করেছে। এ জন্য আমরা কাজটি এক পর্যায়ে আটকে রেখেছিলাম। এ ছাড়া রাস্তার পাশের অংশেও কয়েকটি স্থানে প্রয়োজনের তুলনায় কম কাজ করা হয়েছে। এক ইঞ্চি পুরুত্বে পিচ ঢালাইয়ের কথা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। ফলে রাস্তা দুর্বল হয়ে গেছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার রাহুল বলেন, ‘এই কাজ করে আমি লাভ তো করিইনি, বরং প্রায় ৯ লাখ টাকা লোকসান হয়েছে। বৃষ্টি শেষ হলে আমি এসে যেসব জায়গায় ভেঙেছে সেগুলো ঠিক করে দেব।’
এভাবে কত দিন পর্যন্ত মেরামতের দায়িত্ব পালন করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক বছর পর্যন্ত রাস্তার কোনো অংশ নষ্ট হলে, তা মেরামত করার দায়িত্ব আমার।’