১৫ জুলাই ২০২৬, ১২:৫৩

নির্বাচনের স্বার্থে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ   © সংগৃহীত

জনগণের স্বার্থের চেয়ে নির্বাচনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার অভিযোগ, নির্বাচনের পরেই সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে। তিনি দাবি করেন, এবারও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে গণভোটের আয়োজন করা হয়েছিল। সেখানে ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে সেই জনমত উপেক্ষা করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ভোট চুরি হতো ভোটগ্রহণের আগে আর এবার জনগণের মতামতই চুরি করা হয়েছে নির্বাচনের পরে। তিনি বলেন, জুলাই আন্দোলনে রাস্তায় নামা তরুণদের অবদান অস্বীকার করা যায় না। কিন্তু তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের স্বার্থের চেয়ে নির্বাচনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, যে সরকার নির্বাচনের স্বার্থে জনগণের সঙ্গে ধোকা দিতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রেও তারা জনগণকে ধোকা দিতে পারে।

তিনি আরো বলেন, শিশু-কিশোরদের ফার্মের মুরগি বলা হচ্ছে। অথচ তাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই আজ অনেকে ক্ষমতায় গেছেন। যারা আজ বলছেন সংবিধান সংস্কারের সুযোগ নেই, তাদের মনে রাখা উচিত বর্তমান রাজনৈতিক বাস্তবতাও প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী হলে নির্বাচন হত চার বছর পর। আপনাদের নেতাদের জেলে, ধান ক্ষেতে থাকতে হতো। তিনি বলেন, সংবিধানের সুবিধাজনক অংশ মানা আর অসুবিধাজনক অংশ অস্বীকার করা গ্রহণযোগ্য নয়।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম, জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এছাড়াও দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।