১৪ জুলাই ২০২৬, ২২:৪৫

অব্যবস্থাপনার অভিযোগে ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা 

ঝিনাইদহে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা   © সংগৃহীত ও সম্পাদিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।

জানা যায়, মডার্ন সার্জিক্যাল ক্লিনিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য উৎপাদন ও তা যথাযথভাবে ব্যবস্থাপনা না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং সার্বিক অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ দূষণ প্রতিরোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।