পাঁচ দফা দাবিতে ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক পরীক্ষার প্রশ্নপত্রের কঠিনতা, পরীক্ষাকেন্দ্রে অতিরিক্ত কঠোর গার্ড, বন্যার কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্য এবং ফলাফল মূল্যায়ন নিয়ে তারা উদ্বিগ্ন। এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- প্রশ্নপত্রের কঠিনতা কমানো ও অতিরিক্ত কঠোর গার্ডের অবসান, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন এবং বিশেষ করে পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফল তৈরিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে অযৌক্তিক ক্ষতি রোধে ব্যবস্থা গ্রহণ।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
এদিকে, একই দাবিতে আগামীকাল বুধবার সরকারি রাজেন্দ্র কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।