১৪ জুলাই ২০২৬, ১৭:২০

যশোরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে যশোর শহরের বিভিন্ন কলেজের বিপুলসংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেন। একই সাথে তারা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষার্থী চরম ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থি।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনার দায় শিক্ষামন্ত্রী এড়াতে পারেন না। শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে একটি পরীক্ষার সময়সূচিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ছাড়া পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করে দেশের সব শিক্ষার্থীকে চরমভাবে অপমান ও তিরস্কার করা হয়েছে।

সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।