অতীতে অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে দেশ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করেন। রিজভীর দাবি, ওই সড়কসহ নানা অপরিকল্পিত উন্নয়নের কারণে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তৈলারদ্বীপ গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, পরিবেশের কথা বিবেচনায় না রেখে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়, সেগুলো প্রকৃত উন্নয়ন নয়। তিনি অভিযোগ করেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এসব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে।
তিনি বলেন, নদী, খাল ও হাওরের স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রাখতে হবে। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন উন্নয়ন কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।
এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, বিভিন্ন এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানিনিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না এবং জনদুর্ভোগ বাড়ছে।
প্রতিমন্ত্রী বলেন, নদী ও খাল দখলমুক্ত করতে সরকার উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা ত্রাণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা জানান, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা।