‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ৫০০ পর্বের ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে এবং বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এডাস্ট) অডিটোরিয়ামে ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ শীর্ষক ৫০০ পর্বের সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম। তিনি বলেন, ‘গণমাধ্যমের ইতিহাস সংরক্ষণ এবং সাংবাদিকদের সংগ্রামী জীবনকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কাজ নতুন প্রজন্মকে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মূল্যবোধ সম্পর্কে অনুপ্রাণিত করবে।’
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষণা, সংস্কৃতি, গণমাধ্যম ও ইতিহাস সংরক্ষণের মধ্য দিয়েও একটি বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে। কাগজের মানুষ সেই দায়বদ্ধতারই একটি অনন্য উদাহরণ।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। এই প্রামাণ্যচিত্র সিরিজ সাংবাদিকতার ঐতিহ্য ও মানবিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরবে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহার অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরিচালক অর্থ সৈয়দা সারাহ্ আনওয়ার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্মাতা জানান, ‘কাগজের মানুষ’ সিরিজে দেশের প্রথিতযশা ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের জীবন, সংগ্রাম, পেশাগত অভিজ্ঞতা এবং সমাজে তাঁদের অবদান তুলে ধরা হবে। সিরিজটির নির্বাহী প্রযোজক জনাব এম. শামসুল আলম লিটন এবং পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।
উদ্বোধনী পর্বে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রবীণ সাংবাদিক কাউয়ুম আজাদ বাবুলের জীবন ও কর্ম তুলে ধরা হয়। তার দীর্ঘ সাংবাদিকতা জীবন, সত্যনিষ্ঠ অবস্থান ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের গভীরভাবে স্পর্শ করে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।