১৩ জুলাই ২০২৬, ১৪:০৫

ঝালকাঠিতে সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সাপের কামড়ে আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, সাপ কামড়ানোর পর পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত কাছের হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।