১৩ জুলাই ২০২৬, ১০:২৯

আজও রাজধানীর একাধিক সড়কে জলাবদ্ধতা, সতর্ক করল ট্রাফিক পুলিশ

গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি  © সংগৃহীত

রাজধানীতে টানা বৃষ্টিপাতের কারণে গুলশান ট্রাফিক বিভাগের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এসব এলাকায় যান চলাচল ধীরগতির হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

সোমবার (১৩ জুলাই) সকালে দেওয়া এক বার্তায় জানানো হয়, বনানী কবরস্থান (পীরে ঢাকা গেট) সংলগ্ন মূল সড়কের উভয় লেনে জলাবদ্ধতার কারণে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

এছাড়া বনানী/কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্পে হালকা পানি জমে থাকায় যান চলাচল ধীরগতির রয়েছে।

ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

অন্যদিকে, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই সড়কেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগ নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার পরামর্শ দিয়েছে।