১৩ জুলাই ২০২৬, ০৯:১২

শিক্ষা কর্মকর্তাকে কুড়াল হামলার পর প্রধান শিক্ষক: ‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, কী হয়েছে জানি না’

বাম পাশে অভিযুক্ত প্রধান শিক্ষক, ডান পাশে ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা  © টিডিসি সম্পাদিত ছবি

‘সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’ শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল হামলার অভিযোগে আটক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ। পরে অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম জসিম উদ্দিন রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন।

এ সময় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

হামলার বিষয়ে জানতে চাইলে বিএম জসিম উদ্দিন সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।

আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ দাবি করেন, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একাধিকবার সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বর্তমানে আমি থানায় রয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।