১২ জুলাই ২০২৬, ২২:২১

যশোরে প্রাথমিক মেধাবৃত্তি পেল ১ হাজার ৫৪৫ শিক্ষার্থী

যশোর জেলা শিক্ষা ভবন  © সংগৃহীত

যশোর জেলায় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ মোট ১ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৬২২ জন ট্যালেন্টপুল এবং ৯২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। জেলায় এ বছর বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী।

রোববার ফলাফল প্রকাশের পর এসব তথ্য নিশ্চিত করেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলমগীর কবীর।

তিনি জানান, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬২২ শিক্ষার্থীর মধ্যে ৫১৪ জন সরকারি এবং ১০৮ জন বেসরকারি বিদ্যালয়ের। অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৯২৩ জনের মধ্যে ৭৫৯ জন সরকারি ও ১৬৪ জন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলাভিত্তিক ফলাফলে যশোর সদর থেকে সর্বোচ্চ ৩৬৪ জন বৃত্তি পেয়েছে। এ ছাড়া মণিরামপুরে ২২২ জন, শার্শায় ২০৩ জন, ঝিকরগাছায় ১৮৭ জন, চৌগাছায় ১৬০ জন, কেশবপুরে ১৫১ জন, অভয়নগরে ১৪৫ জন এবং বাঘারপাড়ায় ১১৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর বলেন, ‘২০০৯ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে আবার প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের পরীক্ষা গত ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে ২০২৬ সালের ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়। সে কারণে ফল প্রকাশেও বিলম্ব হয়েছে। আশা করছি চলতি বছর নির্ধারিত সময়েই বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।’