১১ জুলাই ২০২৬, ১৮:৩৫

বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নববধূ নিশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলায় ইশরাত জাহান নিশি (২৮) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকায় স্বামীর বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

মাত্র আড়াই মাস আগে বাউফলের বাসিন্দা আমেরিকা প্রবাসী মনির হোসেন ঢালির সঙ্গে তার বিয়ে হয়েছিলো। ইশরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে। 

নিহতের স্বজনরা জানায়, গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্র প্রবাসী মনির হোসেনের (৫০) সঙ্গে বিয়ের পর থেকে তিনি বাউফলে থাকেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে নিশিকে তার শশুর বাড়ির লোকজন মানসিক চাপে রেখেছিলেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন : ৫ বছরের শিশুকন্যাকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

নিহতের স্বামী মনির হোসেন ঢালি জানান, শুক্রবার রাত ৯টা পর্যন্ত নিশি আমার সঙ্গে ছিল। পরে নিশি বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। প্রথমে আমরা বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলাম। কিন্তু রাতভর ডাকাডাকির পর শনিবার সকালেও ডাকাডাকিতে নিশির সারা পাওয়া যায়নি, তখন বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ দরজা ভেঙে ওই কক্ষে প্রবেশ করে। তখন নিশিকে ফ্যানের সঙ্গে পেঁচানো ওড়নায়  ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি  পুলিশের একটি অভিজ্ঞ দল বিস্তারিত তদন্ত করছে। ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশের তদন্ত  প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।