১১ জুলাই ২০২৬, ১৮:২৮

গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

জব্দকৃত সিগারেট  © সংগৃহীত

গোপালগঞ্জ শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত একটি কুরিয়ার অফিসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কুরিয়ার অফিসে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করে। পুলিশ জানিয়েছে জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

এসআই আলমগীর বলেন, চালান নিতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

এস এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ মঞ্জু বলেন, সাতক্ষীরা, বাগেরহাট, ঢাকা ও আরও কয়েকটি স্থান থেকে ছয়টি বস্তায় করে সিগারেটগুলো গোপালগঞ্জে পাঠানো হয়। এর মধ্যে দুটি বস্তার প্রাপক একজন এবং বাকি চারটি বস্তার প্রাপক চারজন।

তিনি বলেন, পণ্যগুলো ‘মনোহারী’ হিসেবে বুকিং দেওয়া হয়েছিল। এ কারণে বুকিংয়ের সময় বস্তার ভেতরে কী ছিল, তা পরীক্ষা করে দেখা হয়নি। পরে পুলিশ এসে সেগুলো নিয়ে যায়। এর বেশি কিছু তিনি জানেন না।