১১ জুলাই ২০২৬, ১৫:৩৯

টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে  © টিডিসি

গত কয়েক দিনের টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ময়লা পানির মধ্য দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, পৌরসভার পোদ্দারের চর, নিলার মাঠ, গোবরা, মিয়াপাড়া, নিচুপাড়াসহ বিভিন্ন নিম্নাঞ্চলে সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার অনেক বাড়িঘরে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কোথাও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই, আবার কোথাও ড্রেন থাকলেও তা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় পানি ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না। ফলে ড্রেনের নোংরা পানি সড়কে উপচে পড়ে এবং অনেক ক্ষেত্রে তা বাড়িঘরেও প্রবেশ করছে। এতে বসবাসের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাসিন্দারা জানান, অতীতে ড্রেন নির্মাণ করা হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং সঠিক সংযোগ ব্যবস্থা না থাকায় তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

তাদের ভাষ্য, টানা বৃষ্টিতে শুধু ৫ নম্বর ওয়ার্ড নয়, পৌরসভার অন্যান্য নিম্নাঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাঁটুসমান পানিতে শিশু, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরিবার রান্নাবান্না করতে পারছে না, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।