১১ জুলাই ২০২৬, ১৩:৫১

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

শিশু আব্দুল্লাহ  © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর দুই বছর বয়সী শিশু আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পর শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া না গেলে থানায় সাধারণ ডায়েরি করেছিল পরিবারটি।

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার কামারিয়া রৌয়াপাড়ার খালপাড়ে আব্দুল্লাহর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে শিশুটির বাবা এনামুল হোসেনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার ছেলের বলে নিশ্চিত করেন।

আব্দুল্লাহর বাবা এনামুল হোসেন বলেন, ‘আমার ভাতিজি জামাতার সঙ্গে ঝগড়া ও পারিবারিক বিরোধ চলছিল। এ ছাড়া আমার কোনো শত্রু নেই। আমি থানায় অভিযোগ করব। আমার ছেলের হত্যাকারীকে থানা পুলিশ তদন্ত সাপেক্ষে বের করবে বলে আমি আশাবাদী।’

এ ঘটনায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।’