১১ জুলাই ২০২৬, ১২:০২

নেত্রকোনার উপদাখালি নদীর পানি বেড়ে স্পর্শ করেছে বিপৎসীমা

উপদাখালী নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁয়ে বইছে  © টিডিসি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উপদাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা স্পর্শ করেছে। এতে উপজেলাজুড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জেলার ধনু ও মগড়া নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ছয়টার এ তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, উপদাখালী নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁয়ে বইছে। খালিয়াজুরীতে ধনু নদীর পানিও বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আর আটপাড়ায় মগড়া নদীর পানি বেড়ে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

জেলায় কয়েকটি নদীর পানি কমছেও। এর মধ্যে কংশ নদের পানি কমে জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৭৩ মিটার নিচে, সোমেশ্বরী নদীর পানি কমে বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ৯২ মিটার নিচে এবং দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ৩ দশমিক ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।