বাড়ির উঠানে নামতেই পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় দুই শিশু, অতঃপর...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মিরাজ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ির উঠানে বের হয়। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল পানির স্রোতে তারা ভেসে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তার আগেই তারা মারা যায়।
এদিকে দুই শিশুর আকস্মিক এই মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় এলাকাজুড়েও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ এ সময় সবাইকে বন্যার পানির তীব্র স্রোত থেকে শিশুদের নিরাপদে রাখার জন্য সতর্ক থাকার আহ্বান জানান ওসি।