১০ জুলাই ২০২৬, ১৫:১৩

খাগড়াছড়ির পাহাড়ে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ

মরদেহ উদ্ধার করেছে পুলিশ  © সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকার অদূরে পাহাড়ের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত পাশে পাহাড়ি সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে মহালছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, নিহত নারী মারমা সম্প্রদায়ের হতে পারেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশের একটি দল।’

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিচয় শনাক্ত ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।