১০ জুলাই ২০২৬, ০৯:০১

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

পাহাড়ি ঝরনা  © সংগৃহীত

টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ৭ জুলাই থেকে আগামীকাল ১০ জুলাই পর্যন্ত ঝরনাগুলোতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে ইজারাদার বরাবরে নোটিশ দেওয়া হয়। বৈরি আবহওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এমন সীদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহওয়ার কারণে সাময়িকভাবে তিনদিন ঝরনায় প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে বৈরি আবহাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতায় ঝরনাগুলো বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসন ও বনবিভাগ থেকে কাঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।  সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস এবং ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, আমরা গত ৭ জুলাই থেকে ৩দিনের জন্য ঝরনায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। কিন্তু আবহওয়ার কোন পরিবর্তন না হওয়ায় এবং স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝরনাগুলোতে প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে ইজারাদারকে নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বর্ষা মৌসুমেই অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মিরসরাইয়ের বিভিন্ন ঝরনায় প্রাণহানির মতো ঘটনা ঘটে। সে কারণে এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ সাময়িকভাবে ঝরনাগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।