দেরিতে পৌঁছানোর অভিযোগে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও কর্মীদের মারধরের চেষ্টা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বাজারের একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে কর্মীদের মারধরেরও চেষ্টা করা হয়। পরে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হেঁয়াকো বাজারের একটি শপিং মলে হঠাৎ আগুন লাগে। এতে পাঁচটি দোকানের গুদাম পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী বলেন, ‘দুপুর ২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে। আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।’
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর দেরিতে আসার অভিযোগ তুলে কিছু লোক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আমাদের গাড়িতে হামলা করে ও ভাঙচুরের চেষ্টা করেন এবং কর্মীদের মারধর করতে উদ্যত হন। আমাদের গাড়ির কিছু অংশ বেঁকে গেছে ।’
ঘটনার পর ফায়ার সার্ভিসের এমন গাফিলতির প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজারের মূল সড়কে মানববন্ধন করেন। বিক্ষুব্ধ জনতা ফটিকছড়িতে ফায়ার সার্ভিসের সেবার মান বাড়াতে এবং দ্রুত সাড়া দেওয়ার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের সবচেয়ে কাছের ফায়ার স্টেশন রামগড়ে হলেও আমরা রামগড় ও ফটিকছড়ি, দুই স্টেশনেই খবর দিয়েছিলাম। রামগড় থেকে ফটিকছড়ি স্টেশনকে জানানো হয়। কিন্তু ফটিকছড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুন প্রায় পুরোপুরি নিভে যায়।’
তিনি আরও বলেন, ‘এই এলাকাটি নতুন প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার আওতাধীন। এখান থেকে বর্তমান ফায়ার স্টেশনের দূরত্ব অনেক বেশি। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে উত্তর ফটিকছড়িতে একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।’
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা একই দাবি জানান। তারা বলেন, হেঁয়াকো, রামগড় সীমান্তবর্তী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ জরুরি সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। উত্তর ফটিকছড়িতে একটি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হলে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।