০৯ জুলাই ২০২৬, ১৯:৪৮

টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল বটগাছ

মাইক্রোবাসের ওপর ভেঙে পড়া বটগাছ  © টিডিসি

কক্সবাজারের টেকনাফ-হোয়াইক্যং সড়কে ঝোড়ো হাওয়ায় একটি শতবর্ষী বটগাছ ভেঙে চলন্ত মাইক্রোবাসের ওপর পড়ে চালক আহত হয়েছেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে টেকনাফ-হোয়াইক্যং মহাসড়কের কানজরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি হাইস মাইক্রোবাস কানজরপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ ঝোড়ো হাওয়ায় সড়কের পাশের একটি পুরোনো বটগাছ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সামান্য আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে পাঠান। একই সঙ্গে সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করেন। খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শী নুরুল আবছার বলেন, ‘ঝোড়ো বাতাসে একটি শতবর্ষী বটগাছ ভেঙে চলন্ত গাড়ির ওপর পড়ে। এতে চালক আহত হয়েছেন এবং গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন।’

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, টানা বৃষ্টির কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ায় এটি ভেঙে চলন্ত মাইক্রোবাসের ওপর পড়ে। চালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাছ অপসারণের কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।