নেত্রকোনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনকে জরিমানা
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আটক পাঁচ নারীকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে আটজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাছির উদ্দীন, জুবায়ের ও মিদুলকে ৫০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর পাঁচ নারী ভবিষ্যতে দালালি কার্যক্রমে জড়িত হবেন না—এ মর্মে লিখিত মুচলেকা দিলে তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।
অভিযানে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, রোগীদের হয়রানি বন্ধ এবং হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।