০৯ জুলাই ২০২৬, ১৭:৫৮

খামারে ঢোকায় শত শত বন্য পাখি হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

হত্যাকাণ্ডের শিকার বন্য পাখি (ইনসেটে অভিযুক্ত জামাল হাওলাদার)  © টিডিসি

ভোলার লালমোহনে একটি মুরগির খামারে ঢোকার অভিযোগে শত শত বন্য পাখি হত্যার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এমনই একটি হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠেছে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌমুনী বাজার-সংলগ্ন জামাল হাওলাদারের মুরগির খামারকে ঘিরে।

অভিযোগ রয়েছে, খামারে প্রবেশ করায় শত শত বন্য পাখিকে হত্যা করে পাশের পানিতে ফেলে দেওয়া হয়েছে।  এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, মনজু নামের এক যুবক হাতে মৃত পাখিগুলো তুলে ধরে ঘটনার নিন্দা জানাচ্ছেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ এবং অমানবিক ঘটনা বলে মন্তব্য করেছেন। 

স্থানীয়দের দাবি, খাদ্যের সন্ধানে আসা অবলা প্রাণীগুলোকে এভাবে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। 

তবে এ বিষয়ে অভিযুক্ত জামাল হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।